সিটিনিউজ ডেস্ক:: একটি ব্যাংকে এক পরিবারের চারজন একইসঙ্গে পরিচালক থাকার সুযোগ দিতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ব্যাংক কোম্পানি সংশোধন আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ১২টায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই আইনে এখন থেকে ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য থাকতে হবে। আগে থাকতে পারতো দুইজন।’
শফিউল আলম বলেন, ‘এই আইনে পরিচালক পদে টানা নয় বছরের বেশি কেউ থাকতে পারবে না। তবে তিন বছর বিরতি দিয়ে আবারও তিনি পরিচালক হতে পারবেন। অর্থাৎ বিরতি দিয়ে দিয়ে তিনি ব্যাংক এবং কোম্পানির পরিচালক থাকতে পারবেন। এখানে কোনো সময়সীমা নেই।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোম্পানি আইনের ধারা ১৫ তে বলা হয়েছে- কোনো ব্যাংক কোম্পানি পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী কর্মকর্তা নিযুক্ত বা পদায়নের ক্ষেত্রে সরকারের মনোনয়নের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। আগে নিয়ম ছিল বাংলাদেশ ব্যাংকের অনুমতি আগে নিতে হতো। এরপর সরকারে অনুমোদন নিতে হতো।’
