সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশীদের সম্প্রতি ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা ও কনস্যুলার সেবা সংক্রান্ত সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, কাউন্সেলর (রাজনৈতিক) তৌহিদ ইমাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকরা সভায় প্রবাসীদের বর্তমান দুরবস্থা ও নানামুখী জটিলতা তুলে ধরে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত তারেক আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, সম্প্রতি দেশে ছুটিতে অবস্থানকালে স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হওয়া ভিসার কারণে আটকে পড়া প্রবাসীদের একটি তালিকা আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।
তিনি আরো বলেন,আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতার কারণগুলো ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং সংকট উত্তরণে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ জাকারিয়া, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন।
