প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন চন্দনাইশ সমিতি ইউএই।
রোববার (১৯ জুলাই) সকালে সংগঠনটির উদ্যোগে উপজেলার বন্যাকবলিত কয়েকটি ইউনিয়নের বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়।
দেশের এই দুর্যোগময় সময়ে প্রবাসে কর্মব্যস্ত জীবন কাটালেও মাতৃভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ সমিতি ইউএই-এর সভাপতি লায়ন নজরুল ইসলাম।
এ সময় দেশে অবস্থানরত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থাকলেও তাদের চিন্তা ও দায়িত্ববোধ সবসময় দেশের মানুষের কল্যাণকে ঘিরেই আবর্তিত হয়। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চন্দনাইশের অসহায় মানুষের দুর্ভোগ তাদের গভীরভাবে ব্যথিত করেছে।
তারা আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে চন্দনাইশ সমিতি ইউএই-এর সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
