সিটিনিউজ ডেস্ক::সুন্দরবনের নিকটবর্তী স্থান রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞ মতামত নেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিশেল মিকায়েল হেনরী উইথনার। এছাড়া বাংলাদেশে এখনও নিরাপত্তা সংকট আছে বলেও জানান তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশের এই বিতর্কিত ইস্যুতে মন্তব্য করা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ যেমন জরুরি, তেমনি পরিবেশের সুরক্ষার বিষয়টিও ভাবনা থেকে ছেটে ফেলা যাবে না। তাই রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।
তিনি বলেন, চার দশক আগের তুলনায় বিশ্ব অনেকটাই বদলে গেছে। সে অনুযায়ী চিন্তা করতে হবে। উন্নয়নের বিষয়টি গুরুত্বপূর্ণ তবে সেটা প্রকৃতিকে সংকটে ফেলে নয়।
তিনি বলেন, এখনো বিদেশিদের জন্য বাংলাদেশে নিরাপত্তা সংকট রয়েছে। বিভিন্ন দেশ এখনো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা বহাল রেখেছে। তবে পৃথিবীর সবদেশেই একে ধরনের নিরাপত্তা সংকট বিদ্যমান।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।
ডেনমার্ককে বাংলাদেশের অন্যতম অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে দারিদ্র বিমোচনই আমাদের প্রধান ইস্যু। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশের অংশীদার হতে চায় ডেনমার্ক।
তৈরি পোশাকের পাশাপাশি জাহাজ নির্মাণ থেকে শুরু করে নানা ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের মুখে রয়েছে বাংলাদেশ, তা থেকে এখানকার মানুষকে রক্ষার কাজও করে চলেছে দেশটি।
রোহিঙ্গা সমস্যা নিয়ে উইথনার বলেন, এটি একটি জটিল ইস্যু। এ ধরনের ইস্যুতে সব সময় আন্তর্জাতিক কনভেনশনগুলোর প্রতি দৃষ্টি রেখে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হয়।
তিনি বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধান করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। আমরা দু;দেশকেই এ বিষয়ে আহ্বান জানাচ্ছি। তাছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া রোহিঙ্গাদের জন্য ডেনমার্ক মানবিক সহায়তাও দিয়ে আসছে।
বিদেশি বিনিয়োগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ডেনমার্ক রাষ্ট্রদূত বলেন, জিডিপির আকার অনুযায়ী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না।
