ফের অবরোধ আসছে উত্তর কোরিয়ার উপর

0

আন্তর্জাতিক ডেস্ক::জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়ে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ কড়া পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন অবরোধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার মূল মিত্র চীনসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরাষ্ট্র পিয়ংইয়ংয়ের তীব্র এই অস্থিতিশীল আচরণের জন্যে সোমবার দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অঙ্গীকার করে।

উত্তর কোরিয়া বারবার যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে । সে লক্ষ্যে তারা শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। রবিবার তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেটি উত্তর কোরিয়ার এ যাবতকালের সবচেয়ে দূরপাল্লার বলে ধারণা করা হচ্ছে।

পিয়ংইয়ং জানায়, তাদের হোয়াসং-১২ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি ‘শক্তিশালী পরমাণু বোমা’ বহনে সক্ষম।

বিশ্লেষকরা জানান, এটি নজিরবিহীন দূরত্ব অতিক্রমে সক্ষম। এমনকি এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও আঘাত হানতে পারবে। ক্ষেপণাস্ত্রটি এর ধারণক্ষমতা অনুযায়ী সাড়ে চার হাজার কিলোমিটার বা তার চেয়েও বেশি পথ অতিক্রম করতে সক্ষম।

উত্তর কোরিয়ার যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.