সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটিতে বিনা উদ্ভাবিত ডাল, তেলবীজ এবং দানাজাতীয় ফসলের সম্প্রসারণ যোগ্য জাত সমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি এবং নতুন শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ শীর্ষক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র আয়োজনে এবং “পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেলবীজ এবং দানাজাতীয় ফসলের উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন” কর্মসূচীর অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনা ময়মনসিংহ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মসূচী পরিচালক ড. মো: আব্দুল মালেক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির ডিএই’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ডিএই’র উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন, খাগড়াছড়ি ডিএই’র উপ-পরিচালক কৃষিবিদ তরুন ভট্টাচার্য্য, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’র অধ্যক্ষ সুধেন্দু শেখর মালাকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক প্রতি নিয়ত কৃষিবিদদের দিকে তাকিয়ে থাকে। উন্নত থেকে উন্নতর বিভিন্ন পদ্ধতি ব্যবহারের লক্ষ্যে তারা আশা করে থাকে। তাই কৃষকদের মাঝে নতুন উন্নত জাতের ফসল আনতে আমাদের সকলকে কাজ করতে হবে। বিনা তার প্রসংশনীয় কাজের জন্য বিভিন্ন পুরষ্কার পেয়েছে। তার চেয়ে বড় পুরষ্কার হচ্ছে বিনার বিভিন্ন জাত এখন কৃষকের আস্তার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরো বলেন, বিনার বিভিন্ন ফসলের জাত যাতে আরো উন্নত হতে পারে এবং কৃষকের মুখে হাঁসি ফোটাতে পারে এর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিনার এর প্রচার-প্রসারের জন্য সকলকে সহযোগিতা করতে হবে বলেও বক্তারা মন্তব্য করেন।
