সিটিনিউজ ডেস্ক::রাজনীতিবিদদের সম্মানে দেয়া বিএনপির ইফতারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরকে দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বেলা পৌনে ১১ টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই আমন্ত্রণপত্র দিতে যায়। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দলের সাবেক সহ-সম্পাদক সেকান্দার আলী এটি গ্রহণ করেন।
বিএনপির প্রতিদিণি দলের মধ্যে ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও কাউন্সিলর রবিকুল ইসলাম রাসেল। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বিএনপির ইফতারে যোগ দেবেন কি না তা নিশ্চিত করতে পারেননি বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ- দপ্তর তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমরা আমন্ত্রণপত্র দেওয়ার পর আওয়ামী লীগ নেতা সেকান্দার আলী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষে কাছে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেয়ার কথা বলেছেন।’
প্রতি বছর রোজায় রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। আগামী ৫ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এবারের ইফতারের আয়োজন করা হয়েছে।
প্রায় প্রতি বছর ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও আমন্ত্রণ জানায় বিএনপি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আমন্ত্রণ রক্ষা করা হয়েছে সেই উদাহরণ নেই।
