সিটিনিউজবিডিঃ আগামীতে ইউক্রেনের সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ দেবে এমন পরিকল্পনার কথা সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল গার্ড ইউনিটকে প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মার্ক টোনার গণমাধ্যমকে জানান, ইউক্রেন সরকারের আহ্বানে সাড়া দিতেই এ সামরিক প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিতে প্রস্তুত হয়েছে তার দেশ। এবং এটা দীর্ঘকালব্যপ্ত প্রকল্পের অংশ।
মার্ক টোনারের ভাষ্য থেকে জানা যায় ২০১৪ সাল থেকে ইউক্রেনের সামরিক বহুমুখী সহায়তা প্রকল্পের আওতায় মার্কিন বাজেট ছিল ২৪৪ মিলিয়ন ডলার। লে. জেনারেল বেন হজ মার্কিন সেনাবাহিনীর ইউরোপে অবস্থানকারী অংশটির প্রধান। তিনি জানিয়েছেন ন্যাশনাল গার্ডকে প্রশিক্ষণ দেয়ার পর ইউক্রেনের মূল সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তার সরাসরি আলাপ হয়েছে।
মূলত রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণ এবং পরবর্তীকালে পূর্বাঞ্চলে বিদ্রোহে মদদ দানকে কেন্দ্র করে ইউক্রেন ইউরোপীয় এবং মার্কিন সামরিক সহায়তা গ্রহণের কথা ভাবছে, যা পরবর্তীতে আরও বিস্তৃত কর্মসূচীর আওতায় আসতে পারে।
