বিনোদন : বাংলাদেশের নামী পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ডুব ছবিটি ঐতিহ্যবাহী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শুক্রবার তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছে।
২২ জুন শুরু হবে এ উৎসব। ২৯ জুন মস্কোর রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
‘ডুব’ সিনেমাটি বর্তমানে বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা রয়েছে। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সহ-শিল্পীরা হলেন পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরী।
সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোম্পানি।
