সিটিনিউজ ডেস্ক::নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিরও যেন কোনো আবদার না থাকে। আর নির্বাচন কমিশন কারও ‘আবদার’ না শুনে সংবিধান অনুযায়ী যেন নির্বাচন দেয় সে অনুরোধও করেছেন তিনি।
শনিবার রাজধানীতে বিএনপির এক ইফতারে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রেখে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার যা কিছু আবদার করবে তা না শুনে জনগণের মতামত নেবেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।…জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন।’
বিএনপি নেত্রীর এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোন মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।’
‘আবদার আমরাও করবো না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দেবেন’- বলেন ওবায়দুল কাদের।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
