সিটিনিউজবিডি : টেস্টেও ইতিহাস গড়লেন বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেটের ইতিহাসে যা দেখা যায়নি সে রেকর্ডই গড়ে ফেললেন ২০ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে ।
ওয়ানডে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। টেস্ট অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখানেও ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ইনিংসেই প্রোটিয়াদের চারজন ব্যাটসম্যানের প্রান সংহার করেন তিনি।
বৃষ্টির কারণে খেলা অমীমাংসিত টেস্টে শেষ পর্যন্ত সাতক্ষীরার এই পেসারকেই ম্যাচ সেরা হিসেবে বেছে নিলেন বিচারকরা। তাতেই ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একটি রেকর্ড গড়ে ফেললেন মুস্তাফিজ। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ওয়ানডে এবং টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকেই জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।
বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের হতাশাজনক পরিসমাপ্তিই ঘটেছে। বৃষ্টিতে দু’দিন পুরো ভেসে যাওয়ার কারণে দারুন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে বাংলাদেশকে
