সিটিনিউজবিডি : গত শনিবার সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এশিয়া ট্রফির ফাইনালে এভারটনের কাছে হেরেছিল আর্সেনাল। তবে এবার ঘরের মাঠে ফিরেই বড় জয় তুলে নিল গানার্সরা। এমিরেটস কাপে নিজেদের প্রথম ম্যাচে লিগ ওয়ানের দল অলিম্পিক লিঁওকে এক রকম গোল বন্যায় ভাসিয়েছে তারা।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে লিঁওকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। দলের বড় জয়ে একটি করে গোল করেন অলিভিয়ের জিরুদ, অ্যালেক্স ওক্সলেড চ্যাম্বারলেইন, অ্যালেক্স লওবি, অ্যারন রামসে, মেসুত ওজিল ও সান্তি কাজোরলা।
লিঁওকে ঘরের মাঠে ম্যাচে পাত্তাই দেয়নি আর্সেনাল। ম্যাচের ২৯ থেকে ৩৮, মাত্র এই নয় মিনিটের মধ্যে চার গোল করে স্বাগতিকরা। ২৯ মিনিটে দলের গোলের সূচনা করেন জিরুদ। এরপর ৩৪ মিনিটে চ্যাম্বারলেইন, ৩৫ মিনিটে লওবি ও ৩৮ মিনিটে রামসের গোলে স্কোরলাইন ৪-০ করে আর্সেনাল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্সেনাল। ৬২ মিনিটে দলকে ৫-০ গোলে এগিয়ে দেন জার্মান তারকা ওজিল। আর ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে কাজোরলার গোলে ৬-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের দলের।
