ঢাকা অফিস : ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৫। এ সম্মেলন তিনদিনব্যাপী চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা প্রেস বিফ্রিং করবেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা যায়। সমস্যা ও করণীয় সম্পর্কে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের।
মন্ত্রিপরিষদ সূত্রে আরও জানা যায়, আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সম্মেলন উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা প্রশাসকরা মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যার কথা জানাবেন। প্রধানমন্ত্রী এসময় তাদের বিভিন্ন দিক নির্দেশনাও দেবেন।
গতবছর ৮ থেকে ১০ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে স্বল্পমেয়াদী ১৫৮টি, মধ্যমেয়াদী ১৩৩টি এবং দীর্ঘমেয়াদী ১৭৩টি সিদ্ধান্ত নেওয়া হয়।
