সিটিনিউজবিডিঃ আজ থেকে সকল মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-সিলেট, বগুড়া-ঢাকা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার মালিক-চালকরা। গতকাল শনিবার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে কোথাও কোথাও মহাসড়কে অটোরিকশা চললেও বেশিরভাগ মহাসড়কে তৎপর ছিল পুলিশ প্রশাসন।
আটক করা হয়েছে অনেক অটোরিকশা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালকদের বিরুদ্ধে করা হয়েছে মামলা, অর্থদণ্ড। বিকল্প ব্যবস্থা না করেই মহাসড়কে এভাবে অটোরিকশার চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, তেমনি গন্তব্যে যেতে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়াও। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে বিক্ষোভকারীরা।
