সাইফুল উদ্দীন, রাঙামাটি,সিটিনিউজ : জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট উপলক্ষ্যে মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন,
“দলকে সংগঠিত করতে আমাদের দলের মধ্যে নতুন প্রজন্মকে আনতে হবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে এবং যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধার আর্দশকে বুকে ধারণ করে তাদেরকেই আমাদের প্রয়োজন।”
মঙ্গলবার(১ আগস্ট) বিকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্ত করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সকলের প্রয়োজন দলের মধ্যে বিশেষ ভূমিকা রাখা।
দেশের জনগণ আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের উপর আস্তা রাখে তাই সকলে মিলে এই সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডকে জনগণের সামনে তুলে ধরতে পারলে নির্বাচনে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভার পরে অনুষ্ঠানিকভাবে সদস্য পদ সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
