সিটিনিউজবিডি : ভারতের তিন রাজ্য বন্যায় অচল হয়ে পড়েছে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, মনিপুর ও উড়িষ্যা। ওই তিন রাজ্যে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ জন যাদের ৪৮ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
অবিরাম বর্ষণে রাজধানী কোলকাতাসহ পশ্চিমবঙ্গের বহু এলাকা ভেসে গেছে। অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এ রাজ্যের কমপক্ষে ১২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ওই পাঁচ জেলার লোকজনকে দু থেকে তিন দিনের মধ্যে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। বারটি জেলার দুই লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণশিবিরে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ১২ লাখ হেক্টর জমির ফসল। এ অবস্থায় নিজ রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার সারারাত নিজ কার্যালয়ে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী। তার দাবি, ঝাড়খণ্ড পানি ছেড়ে দেয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য ভেসে গেছে।
ব্যাপক বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে মনিপুর রাজ্যের বাসিন্দারাও। বন্যায় ওই রাজ্যের এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে শনিবার এ রাজ্যের চান্দেল জেলার জোমোল গ্রামের ২০ জন মারা গেছে। এ রাজ্যের বাসিন্দারা বলছেন, গত ২শ বছরের মধ্যে মরিপুরে এটিই সবচেয়ে বড় বন্যা। তবে রোববার থেকে তাদের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
উড়িষ্যায় বন্যার ফলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। রাজ্যের তিনটি বড় নদীর পানি কমতে শুরু করেছে।
