আরও দুটি বাড়তি ফ্লাইটের সুযোগ পেল বিমান

0

সিটিনিউজ ডেস্ক::বাড়তি ফ্লাইট পরিচালনার জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুইটি স্লটের অনুোদন পেয়েছে। এ নিয়ে বিমানকে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ ২৩টি বাড়তি স্লটের অনুমতি দিলো।

মঙ্গলবার এ দুই স্লটের অনুমোদন পায় বিমান। এর আগে দুই ধাপে ১৪টি ও সাতটি স্লটের অনুমতি পায় বিমান।

তবে পর্যাপ্ত স্লট পেলেও বাড়তি দুই দিন (২৭ এবং২৮ আগষ্ট) ফ্লাইট পরিচালনার অনুমতি এখনও পায়নি বিমান। বাড়তি সময়ের অনুমোদন না পেলে ২৬ আগস্টের মধ্যেই বরাদ্দ পাওয়া স্লটগুলো ব্যবহার করতে হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র শাকিল মেরাজ।

তিনি জানান, ক্যাপাসিটি লস পুষিয়ে নিতে এবং বাড়তি সময় না পেলে স্লটগুলো ২৬ আগস্টের মধ্যে ব্যবহার করতে হবে। চলমান পরিস্থিতিতে প্রতিদিন ৯ থেকে ১০টি পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সেজন্য বিমান সৌদি সরকারের কাছে আবেদনও জমা দিয়েছে। দুইদিনের মধ্যে অনুমতি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা এখনও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য করা অনুরোধের জবাব পাইনি। তবে আগামী দু’একদিনের মধ্যে এই অনুমতি না মিললে বিমানকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হবে। বাংলাদেশ থেকে রাষ্ট্রয়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গতকাল ২১ আগস্ট পর্যন্ত মোট ৯৩ হাজার ২৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন সরকারি এবং ৮৯ হাজার ৬৫৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪০টিসহ মোট ২৮১টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা।

এবার হজ এজেন্সিগুলোর গাফিলতি ও অতি মুনাফার লোভের কারণেই একের পর এক হজ ফ্লাইট বাতিল হয়েছে। হজ ফ্লাইট শুরুর পর থেকে ভিসা জটিলতায় ও হজযাত্রীদের বাড়ি ভাড়া সংক্রান্ত কারণে প্রায় ২৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

নিয়ম অনুসারে, হজযাত্রীদের ফ্লাইটের আগেই সৌদিতে বাড়ি ভাড়া করে ভাড়ার রশিদ ও বিমানের টিকিট নিশ্চিত করে হজ অফিস থেকে ডিও লেটার নিতে হয়। কিন্তু এবার সৌদিতে বাড়ি ভাড়া না করার কারণে অনেক হজযাত্রী ভিসা পেয়েও যেতে পারছেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.