সিটিনিউজ ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপিল বিভাগ যেসব সত্য কথা বলেছে তা শুনে আওয়ামী লীগের মধ্যে আগুন জ্বলে উঠেছে। কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো, এজন্য এখন বিচার বিভাগেও আক্রমণ করছে তারা।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে দেখেছি আওয়ামী লীগের পাতি নেতারা ক্ষমতার দাপট চালাচ্ছিলো। এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন।
তিনি বলেন, এমন একটা ভাব তারা দেখাচ্ছে যেন- তারা এদেশের মালিক। আর বাকিরা চাকর-বাকর বা প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদেরকে তাদের ইচ্ছে মত চলতে হবে।
বিএনপির এই মহাসচিব বলেন, আওয়ামী লীগ সব সময় হুমকি, ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলছে। এখন তারা বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না।
