সিটিনিউজবিডি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে বাড্ডা থানার নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নাশকতার এ মামলা দায়ের করেন। এরপর ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আক্তারুজ্জামান সরকার ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
