সিটিনিউজবিডি : বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেইফটি এক্সপো শুরু হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে । বৃহস্পতিবার সকালে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী।
রেডিসন ব্লু’র মেজবান হলে প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এতে মোট ৭৩টি স্টল থাকছে। এরমধ্যে তৈরি পোশাক ১৭টি, ফেব্রিক্স ১টি, গার্মেন্টস এক্সেসরিজ ২টি, গার্মেন্টস ফেব্রিক্স(লোকাল) ১টি, মেশিনারি ১৮টি, ফায়ার ইক্যুইপম্যান্ট ২৫টি, সার্ভিস প্রোভাইডার্স ৭ এবং বিজিএমইএ’র দু’টি স্টল রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছে। বায়ার্স ফোরাম পুরোপুরিভাবে মেলায় অংশ নেয়।
আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীদার দেশগুলো সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, ব্র্যান্ড বায়ার, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।
মেলায় দুইদিন পোশাক খাতের নিজস্ব ব্র্যান্ডিং, অর্থায়ন, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন, অবকাঠামো উন্নয়ন বিষয়ক চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’, ‘ট্রেনিং অ্যান্ড ডেভলপিং স্কিলস ফর স্ট্রং, সাসটেইনেবল অ্যান্ড ব্যালেন্সড গ্রোথ’, ‘ফিন্যান্সিং অ্যাপারেল গ্রোথ’ এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং অব পোর্ট, কাস্টমস, পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্টাকচার টু রিচ ৫০ বিলিয়ন ডলার ইন ২০২১’ শীর্ষক সেমিনারগুলোতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়নসহ বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্রদূত অংশ নেবে।
৬ আগস্ট দুপুর ২টায় ‘ব্রান্ডিং বালাদেশ’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করবেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
