নিজস্ব প্রতিবেদক::দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
কোরবানীর পশু হাটে এবং পরবর্তীতে ঈদোত্তর চামড়া ব্যবসায় প্রচুর পরিমাণ টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে সর্বপ্রকার নৈরাজ্য রোধপূর্বক সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃংখলা বাহিনী কর্তৃক কঠোর নিরাপত্তাবলয় তৈরী করা ও ঈদের আগে-পরে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকবে বিধায় এই সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা এবং ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-পথে পর্যাপ্ত হাইওয়ে, রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োজিত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
একই সাথে চেম্বার সভাপতি মাহবুবুল আলম কোরবানী উপলক্ষে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
