ড্যাবের বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৫হাজার রোহিঙ্গা
নিজস্ব প্রতিনিধি,উখিয়া,সিটিনিউজ :: কক্সবাজারের উখিয়ায় বিপন্ন ও অসহায় রোহিঙ্গাদের জন্য প্রাথমিকভাবে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
প্রথম দিনেই ৫ হাজার রোহিঙ্গাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উখিয়ার বালুখালী পান বাজার নূরানী মাদ্রাসায় এ সেবা শুরু হয়।
জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রথম দিনেই প্রায় ৫ হাজার রোহিঙ্গাকে চিকিৎসাসেবা দিতে পেরেছি। আমাদর এ সেবা চলবে তিন দিন।’
বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমে যৌথভাবে সহায়তা করছে ড্যাবের কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা।
এছাড়া চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলা শাখাও এতে সম্পৃক্ত রয়েছে।
মোট ২৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সকাল ১০টা থেকে রোগী দেখেছেন। বেশির ভাগ রোগীই ছিল শিশু এবং নারী। তাদের বেশির ভাগই ঠান্ডা, কাশি, জ্বর, চুলকানি, আঘাতের ব্যাথা ও ডায়েরিয়াজনিত সমস্যায় আক্রান্ত।
ডাক্তারদের মধ্যে ছিলেন- অধ্যাপক মোস্তফা রহিম স্বপন, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আবদুলাহিল জনি প্রমুখ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উখিয়া বালুখালী এবং কুতুপালং দুই জায়গায় ফ্রি ক্যাম্প বসানো হবে। সেখানে হাইপ্রোটিন বিস্কুট ও জীবানুনাষক সাবান দেওয়া হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কর্মসূচি উদ্বোধন করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
