সিটিনিউজ ডেস্ক :: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় কাস্টমস একটি চিঠি দিয়েছে বাংলাদেশকে। বেনাপোল শুল্ক বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় পত্রিকা ‘এই সময়’ এ ‘আড়াই মাস বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ রাখবে ভারত’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি নিম্নে তুলে ধরা হলো:
“খাদ্যসঙ্কটে পড়তে পারে বাংলাদেশ! চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় আড়াই মাস বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বেনাপোল শুল্ক বিভাগ সূত্রের খবর, এ বিষয় নিয়ে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে ভারতীয় কাস্টমস।
ভারতের বিদেশ মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আলোক চতুর্বেদীর স্বাক্ষরিত চিঠিতে জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশে চাল রপ্তানি করতে পারবে না। কারণ, ভারতে অভ্যন্তরীন খাদ্যকেন্দ্রিক জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফলে খাদ্য বিতরণের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ মুহূর্তে বাংলাদেশে নেই। আর ডেপুটি হাইকমিশনার এ মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় রয়েছেন। বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা আছে।
ফেরার পরই তাঁর সঙ্গে কথা বলে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, চাল মজুতের বিরুদ্ধে ইতোমধ্যে সরকারি অভিযান শুরু হয়েছে। যাঁদের গোডাউনে চাল মজুতের প্রমাণ পাওয়া যাবে তাঁদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।’”
