নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় চোরাই চক্রের আট সদস্যকে আটক করা হয়।
শনিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা বিভাগের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।
তিনি বলেন, নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়, রিয়াজ উদ্দিন বাজার ও জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে চোরাই ৫৬টি ও IMEI পরিবর্তিত ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত চোরাই চক্রের ৮ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলো, নুর নবী (৪০), আলী হোসেন (৩০), অজিত চক্রবর্তী টুকু (৪৩), তারেক হোসেন (২৪), ছাবের আহাম্মদ (২৬), মিজানুর রহমান (২১), আরিফুল ইসলাম শাওন (১৮), মাইন উদ্দিন জিহান (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজশে রিয়াজ উদ্দিন বাজারে বৈধভাবে ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন হতে চোরাই মোবাইল ফোন কম দামে কিনে বেশি দামে বিক্রিসহ মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে বলে স্বীকার করে। এঘটনায় আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
