সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে সারা দেশে একযোগে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশন’র আয়োজনে পৌরসভার সকল স্থরের কর্মচারীদের অংশগ্রহনে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
এতে রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশন’র সভাপতি একেএম বশির হোসেন’র সভাপতিত্বে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনত বড়–য়া, সাংগঠনিক সম্পাদক বিল্পব তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পৌরসভার সকল স্থরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মবিরতি চলাকালিন সময়ে নেতৃবৃন্দরা বলেন, তারা একটি নগরের মানুষের সার্বিক সুযোগ-সুবিধার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সে তুলনায় তাদের সুযোগ-সুবিধা খুবই স্বল্প। তাই তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা প্রদানের জোর দাবি জানান।
অর্ধ দিবস কর্মবিরতি চলাকালে পৌরসভার সকল কর্মকান্ড বন্ধ ছিলো। ফলে সাধারণ জনগণের সাময়িক অসুবিধা সৃষ্টি হয়। এ অসুবিধার জন্য রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন এবং নগরবাসীকে তাদের সাথে একাততা প্রকাশের আহ্বান জানান।
