বিনোদন জগৎ,সিটিনিউজ :: আজ শুক্রবার (১০ নভেম্বর) লাক্সতারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। মিম রাজশাহীর বাঘা উপজেলায় ১০ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। মিমের বাবা বিরেন্দ্র নাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিনী।
জন্মদিনে সবসময়ই বিদ্যা সিনহা মিম তার মা-বাবার কাছে ছোটবেলা থেকে সেরা উপহার পেয়ে আসছেন। এবারের জন্মদিনে তিনি তার মা এবং বাবার কাছ থেকে একটি ‘হ্যারিয়ার গাড়ি’ উপহার পাচ্ছেন। ১ মাস ধরে নানা শোরুমে ঘুরে মনের মতো গাড়ি পছন্দ হচ্ছিল না মিমের।
গেল বুধবার অবশেষে মিমের গাড়ি পছন্দ হয়েছে। সে গাড়িটিই তার মা-বাবা তাকে জন্মদিনের উপহার হিসেবে কিনে দিচ্ছেন এবার। বৃহস্পতিবার সকালে মা-বাবাকে সঙ্গে নিয়ে গাড়িটি মিম নিজের বাসায় নিয়ে আসেন।
গাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার অনেক সৌভাগ্যের বিষয় যে, এমন মা-বাবার ঘরে ঈশ্বর আমার জন্ম দিয়েছেন। আমার মা-বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা-বাবা। তারা আমাকে খুশি করতে জন্মদিনে এমন একটি গাড়ি উপহার হিসেবে দিচ্ছেন। আমি যে কত খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। এমনিতেই মা-বাবার ঋণ সন্তান শোধ করতে পারে না। আর আমার মা-বাবা আমার জন্য সারাটা জীবন যা করছেন, তার ঋণ শোধ করার চিন্তাও করতে পারি না আমি। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কোনো কারণেই যেন আমি আমার মা-বাবাকে কষ্ট না দিই।
মিমের মা ছবি সাহা বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল মিমকে একটি গাড়ি উপহার দেয়ার। এ নিয়ে মনে মনে আমি এবং মিমের বাবা ভীষণ চাপে ছিলাম। অবশেষে মিমের গাড়িটি পছন্দ হওয়ায় এবং শেষতক তাকে গাড়িটি কিনে দিতে পারছি বিধায় একটি চাপ মাথা থেকে নামল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার মেয়ে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে।
জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন মিম। ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছায়াছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন।
মীমের জনপ্রিয় সিনেমাগুলো হলো- আমার আছে জল, আমার প্রাণের প্রিয়া, আমার মন বলে তুমি আসবে, জোনাকির আলো ইত্যাদি। তার জনপ্রিয় নাটকগুলো শেষের কবিতার পরের কবিতা, যোধা আকবর, নীল ছায়া, ঝড়ের রাত ফুলের দিন ইত্যাদি।
অভিনয়ের পাশাপাশি ২০১২ সালে বইমেলায় বেরিয়েছিল তার প্রথম উপন্যাস ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এরপর প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় উপন্যাস ‘পূর্ণতা’।
