স্পোর্টস ডেস্ক:: সবার মতো তিনিও বিস্মিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। অথচ মাশরাফি জেনেছেন সিলেট থেকে ঢাকায় ফেরার পর, অন্য সবার মতো করেই।
হঠাৎ হাথুরুর পদত্যাগে বিস্মিত মাশরাফি বিন মর্তুজা বললেন,‘ এ ব্যাপারে আমি আসলেই কিছু জানতাম না। দক্ষিণ আফ্রিকায় টিম কেন্দ্রিক ছাড়া কোনো কথা হয়নি। ও যদি নাই থাকে, অপশন তো আসলে জানি না, এখানে বসেও মন্তব্য করা কঠিন। আমি দুই সপ্তাহ সেখানে (দক্ষিণ আফ্রিকা) ছিলাম। এ সময়ে তার সঙ্গে অনেক ইতিবাচক কথা হয়েছে। সে সময় আমরা একটা ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করছিলাম। এ ধরনের কথাই হচ্ছিলো। সে পদত্যাগ করতে পারে বা এ ধরনের কিছু নিয়ে কোনো কথাই বলা হয়নি।’
হাথুরু পদত্যাগ করলেও বিসিবি চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনতে। তাই এ নিয়ে মন্তব্য করতে চান না রংপুর রাইডার্স অধিনায়ক। ম্যাচ শেষে মাশরাফি বলেন,‘আসলে এখনো তো সব কিছু কেবল শোনা যাচ্ছে। মন্তব্য করা তাই কঠিন। বোর্ড থেকে তার সঙ্গে কথা বলা হবে হয়তো। এই মুহূর্তে তাই মন্তব্য করা খুব কঠিন। আমি আসলে কিছুই জানি না। যেহেতু একটা কথা চলছে যে, সে পদত্যাগ করেছে। বোর্ডও কথা বলতে চায়। এখন তাই মন্তব্য করা কঠিন।’
হাথুরু না আসলে নতুন কোচ কেমন এবং কোন অঞ্চলের হওয়া উচিৎ এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এর আগে জেমি সিডন্স বা ডেভ হোয়াটমোর, তারাও সফল ছিলেন। কে কখন সফল হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। তবে অবশ্যই চিন্তা-ভাবনা করেই তারা কোচের সিদ্ধান্ত নিবেন। এখনো এ বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি।তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে নতুন কোচ নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করবো।’
