চসিকের বর্তমান হোল্ডিং ট্যাক্স ‘মরার উপর খাড়ার ঘা’

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :   চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর গৃহকর ও আপীল সংক্রান্ত বিষয়ে সাধারণ সভা আজ ১১ নভেম্বর শনিবার বেলা ১২টায় ষ্টেশনস্থ হোটেল ফেভার ইনে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন তেলাওয়াত করেন- সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা আ.ন.ম আব্দুস সাকুর। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মোহাম্মদ এয়াকুব, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, আশফাক আহমদ, লায়ন এম. শফিউল আলম, জাসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকী, ছালামত আলী, বিপনী বিতান দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ছাগীর, মাহাফুজুল হক চৌধুরী, আবুল হোসেন, ইকবাল হক চৌধুরী, আহমদ ছগীর বাবু, নুরুল আবছার চৌধুরী, জালাল আহমদ, শফিকুল ইসলাম শাহীন, ছালাহ উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মোর্শেদুল আলম, সাংবাদিক নুরুল কবির চৌধুরী, জিয়াউর রহমান, লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, চট্টগ্রাম মহানগর এমনিতেই বছরে নয় মাস জলাবদ্ধতায় ডুবে থাকে। রাস্তাঘাটের বেহাল দশা সহ নানা কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাবে বিরাজ করছে। বর্তমানে ঘর ভাড়ার উপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণের নতুন পদ্ধতি ঘর-ভবন মালিকদের উপর আরেকটি অন্যায় জুলুম নির্যাতন।

এই অবস্থায় সিটি কর্পোরেশনের গলাকাটা হোল্ডিং ট্যাক্স রীতিমত ‘মরার উপর খাড়ার ঘা’। পঞ্চ বার্ষিকী রি-এসেসম্যান্ট পদ্ধতিতে পুরাতন হোল্ডিং ট্যাক্সধারী মালিকগণকে নতুন এসেসম্যান্ট থেকে বাদ দেয়া হোক। পূর্বের নিয়মে হোল্ডিং ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হোক। ভাড়ার উপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণের নতুন পদ্ধতি অবিলম্বে বাতিল করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা বিগত দিনে কর দিয়েছি, আগামীতেও দিতে ইচ্ছুক, তবে তা হতে হবে সহনীয়।

সভায় পূর্বের করের কত শতাংশ বৃদ্ধি করা যেতে পারে তা মেয়রের সাথে আলাপ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা পূর্বের ন্যায় ট্যাক্স প্রদানের ব্যবস্থা করে ব্যবসা-বাণিজ্যের চলমান পরিবেশ অব্যাহত রাখার জন্য মাননীয় মেয়রের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.