সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হয়েছে। রোববার দুপুর ১টা ৪৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর বক্তারা তাদের বক্তব্য শুরু করেছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জনসভায় অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন। যারা মঞ্চের সামনে ও এর আশেপাশে অবস্থান করছেন।
আনুষ্ঠানিকভাবে বক্তব্য শুরু হওয়ার আগ পর্যন্ত জাসাস উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
মঞ্চে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বা জনসমর্থনের বিষয়টি জানান দিতে চায় দলটি।
সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।
