সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটিতে চিকিৎসকের ভুলে জেনি আক্তার(২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। সোমবার ২০ নভেম্বর দুপুরে রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, বাচ্চা প্রসবের জন্য অপারেশন রুমে রোগীকে নেওয়ার প্রায় ঘন্টাখানেক পরে ডাক্তাররা রোগীকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু এসময় রোগী মারা যায়। এসময় তারা অভিযোগ করেন, রোগী সুস্থভাবে অপারেশন রুমে ঢুকলেও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হতে পারে।
মৃত মায়ের স্বামী মো. সেলিম বলেন, সবকিছুই স্বাভাবিক ছিলো। রোগীকে অপারেশন রুমে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর এসে চিকিৎসক জানায়, রোগীর অবস্থা ভালো না, তাকে চট্টগ্রামে দ্রুত নিয়ে যেতে হবে। এরপর আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পর রোগীকে নিয়ে যাওয়ার আগেই তাঁর খিঁচুনি শুরু হলে তখনই সে মারা যায়। তিনি এঘটনার জন্য চিকিৎকসের ভুল চিকিৎসার অভিযোগ করেন। তিনি বলেন, একজন সুস্থ রোগী কিভাবে এত অল্প সময়ের মধ্যে মারা গেলো?
রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র অ্যানেসথেসিয়ান বেবী ত্রিপুরা বলেন, অ্যানেসথেসিয়া যে পরিমাণে দেওয়া হয়, সেটা দেওয়া হয়েছে। গত ১৯ বছর ধরেই তো আমরা কাজ করে যাচ্ছি, তাই এখানে ভুলের কোনও কারণ নেই। মূল সমস্যা ছিলো রোগীল ব্লাড প্রেসার কম ছিলো। প্রেসার না উঠায় যা যা ওষুধ দেওয়ার প্রয়োজন এবং সর্বোচ্চ যেটুকু দেওয়া প্রয়োজন তাও দেওয়া হয়েছে। তাই আমি জানি না কেন রোগীর এই অবস্থা হলো।
রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র মেডিকেল অফিসার লেলিন চাকমা বলেন, অপারেশন রুমে নেওয়ার পর অ্যানেসথেসিয়ান তাঁর ট্রিটমেন্ট দেওয়ার পর রোগীর ব্লাড প্রেসার কমে যায়। এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে গেছি। যা যা দেওয়ার, সবই করা হয়েছে। কিন্তু এরপর রোগীকে বাঁচানো গেলো না। তিনি বলেন, সাধারণ এধরনের ঘটনা তেমন একটা ঘটে না। এটা আমাদের জন্য ‘রেয়ার কেস’। আমাদের তরফ থেকে চিকিৎসায় কোনও অবহেলা কিংবা ভুল ছিলো না।
