ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প।
মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া ‘বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন’ (জিইএস-২০১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই হায়দ্রাবাদ এসেছেন ট্রাম্প কন্যা।
সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টায় হায়দ্রাবাদ অবতরণ করে ইভানকাকে বহনকারী ফ্লাইট। ট্রাম্প কন্যার আগমন উপলক্ষে ভারতজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত দশ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে রাজ্যের পুলিশ বিভাগ। নামানো হয়েছে সন্ত্রাসবিরোধী বাহিনী ও ডগ স্কোয়াড।

মার্কিন প্রেসিডেন্টের কন্যা ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পের এটিই সবচেয়ে বড় সফর।
তিন দিনব্যাপী (২৮-৩০ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশন ও হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে। এতে ব্যবসায় নারীদের গুরুত্ব ও ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন ইভানকা। বক্তব্যে মোদির প্রশংসা করে ইভানকা তাকে ‘গণতন্ত্রের প্রতীক’ ও ভারতের আশার আলো বলে উল্লেখ করেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেন।
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইভানকা। এ সময় তারা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।
এর আগে হোয়াইট হাউজ সফরকালে ইভানকাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।
