রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘হালদা’

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী ‍মুক্তি পাচ্ছে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। এরই মধ্যে দেশের ৮০টি হলে ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

হালদা নদী ও তীরবর্তী মানুষের জীবন ও জীবিকার নানা কাহিনির ওপর নির্মিত ছবিটির পরিবেশক ‘দ্য অভি কথাচিত্র’র বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান অভি জানান, ‘মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮০টি সিনেমা হলে ‘হালদা’ ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ছবি মুক্তির এখনো দুই দিন বাকি। আশা করছি, হলের সংখ্যা ৯০ ছাড়িয়ে যাবে।’

এই প্রথম দেশের এতোগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত কোনো ছবি। গত বছর তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সারা দেশের মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছিল।

এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত অন্যান্য ছবিগুলোও খুবই কম সংখ্যক হলে দেখানো হয়েছিল। সেই হিসেব মতে, এবার ৯০টিরও বেশি হলে ছবি মুক্তি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তৌকীর আহমেদ।

এদিকে মুক্তির আগে আগামীকাল ৩০ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বৃহৎ সিনেমা হলে ‘হালদা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ‘হালদা’ ছবির সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

‘হালদা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও ফজলুর রহমান বাবুসহ অনেকে। এতে জাহিদ হাসানকে প্রথমবারের মতো খলচরিত্রে এবং মোশাররফ করিমকে জেলের চরিত্রে দেখা যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.