নিজস্ব প্রতিবেদক:: মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় বিজয় শিখার পাদদেশ থেকে বর্নাঢ্য বিজয় র্যালী-২০১৭ সফল করার জন্য বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও র্যালী উপ-পরিষদের আহবায়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী’র সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২৯ তম বিজয় র্যালী জাতিকে উদ্দীপ্ত করবে এই লক্ষ্য অর্জনকে সরকারী ও বেসরকারী সংস্থা, প্রশাসন ও মুক্তিকামী বীর জনতার অংশগ্রহণে প্রদীপ্ত করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের এই বিজয় র্যালীতে যুক্ত করে তাদের মনে দেশপ্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখতে হবে।
বক্তারা বলেন, এবারের বিজয় র্যালী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগে সুশৃংখলভাবে সম্পন্ন হবে। নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী এই বিজয় র্যালী এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ বিজয় শিখা প্রজ্জ্বলন চত্বর থেকে আরম্ভ হয়ে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে এসে সমাপ্ত হবে।
সভায় বক্তাগণ আরো বলেন, নতুন প্রজন্মকে বিজয় মেলার মধ্যে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে চাই, সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস বিজয় র্যালী। সভায় ১৬ ডিসেম্বর বিজয় র্যালীতে সরকারী বাহিনী ও বেসরকারী সংস্থা, ছাত্র-যুব জনতা, শ্রমিক, মহিলা ও মুক্তিযোদ্ধাসহ সর্বমহলকে বিভিন্ন সাজে অংশগ্রহণ করার আহবান জানানো হয় ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান অমল মিত্র, মহাসচিব পান্টু লাল সাহা, মুক্তিযোদ্ধা ডা: ছালেহ আহমেদ, বিজয় মেলা পরিষদের কর্মকর্তা চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ফরিদ মাহমুদ, র্যালী উপ-পরিষদের সদস্য সচিব অধ্যাপক মাহাবুবুল আলম, এস.এম. সাঈদ সুমন প্রমুখ।
