আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) জয় লাভ করেছে। এ ফলাফলের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাক্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আবারো ভেঙে গেল।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, মোট ২২৫টি আসনের মধ্যে ক্ষমতাসীন ইউএনপি পেয়েছে ১০৬টি। সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ১১৩টি আসন। পর্যাপ্ত আসন না পাওয়ায় তাদের কোয়ালিশ সরকার গঠন করতে হবে।
সোমবার এ নির্বাচন ছিল দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ নির্বাচনের মধ্য দিয়ে প্রবল ক্ষমতাশালী সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাক্ষে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। রাজাপাক্ষে গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে মাইথ্রিপালা সিরিসেনার কাছে পরাজিত হন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ব্যাপক অভিযোগ রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের অধিকাংশ জনগণ এ নির্বাচনের মধ্য দিয়ে গত ৮ জানুয়ারির বিপ্লবকে আরো সংহত করেছেন। জয়-পরাজ দিয়ে আমরা জনগণকে ভাগ করব না। আমরা চাই একই পরিবারের মতো ঐক্য। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চাই।
রাজাপাক্ষে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে তার বিরোধীপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেল।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
