সিটিনিউজবিডি : ১৭ বছরের বোনকে গলা কেটে হত্যা করার পর তারই কাটা মুণ্ড হাতে নিয়ে গোটা গ্রাম ঘুড়ে বেড়িয়েছে তারই দুই সহোদর। এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শাহজাহানাপুর জেলার বামানি চৌকি গ্রামে।
মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই গ্রামের কিশোরী ফুল জাহান ভালোবাসতো তারই এক চাচাতো ভাইকে। ওই যুবককে সে বিয়েও করতে চেয়েছিল। কিন্তু এতে রাজি ছিল না তার বড় দুই ভাই গুল হাসান(২৫) ও নানহে(২০)। ফুলকে তারা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে নিষেধ করে দিয়েছিল। কিন্তু ভাইদের লুকিয়ে ফুল রোববার প্রেমিকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় এবং সেখানেই রাত কাটায়।
এ খবর জানার পর সোমবার বিকেলে চাচার বাড়িতে ছুটে যায় তার দুই ভাই। তারা ফুলকে ওই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে এবং রাস্তায় ফেলে গলা কেটে হত্যা করে। পাশবিকতার এখানেই শেষ নয়। এরপর দুই খুনী ফুলের কাটা মুণ্ডু নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়। এসময় তারা হুঙ্কার দিয়ে বলতে থাকেন, ‘দেখো, আমরা নিজের বোনকে খুন করেছি। যেসব মেয়েরা প্রেম করে তাদের এরকমই সাজা হওয়া উচিত।’
তবে এ হত্যার ঘটনায় ঘাতক দুই ভাইকে পুলিশ আটক করেছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি টাইমস অব ইন্ডিয়া।
