সিটি নিউজ বিডিঃ চট্টগ্রামের মইজ্যার টেক এলাকায় ঢাকা গামী একটি বাসে তল্লশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে কর্ণফুলী থানার শাহ আমানত সংলগ্ন আখতারুজ্জামান চত্বরে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরনে দামী পোশাক, কোট টাই পরা একজন ভদ্র লোক! দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না মো. ইসমাইল ইয়াবা পাচারকারী। সে এই বেশে আগেও অনেকবার ইয়াবা পাচার করেছে। গ্রেপ্তার মো. ইসমাইল (২৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাছর পাড়া সারাংখালীর বাসিন্দা নজির আহমেদের ছেলে বলে জানা গেছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা সাংবাদিকদের জানান, ভোর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী ইসমাইলকে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল জানিয়েছে আগেও কয়েকবার সে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকা গিয়েছে। যাত্রাবাড়ি এলাকার এক লোক তার কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করার কথা ছিল। গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা।
