স্পোর্টস ডেস্ক :: উরুর সমস্যার কারণে স্কোয়াডের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এর প্রভাবও দেখা গেল মাঠে। পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত লিওঁর বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে উনাই এমেরির দল।
প্রথমার্ধেই ইনজুরি আক্রান্ত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তারপরও প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের সুবাদে সমতা নিয়ে বিরতিতে যায় কাভানিরা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় পিএসজি। লিওঁর আলভারোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বিরতির আগে লেভিন কারজাওয়ার গোলের জোগানদাতা দানি আলভেস। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তারপরও ড্র করে মাঠ ছাড়তে পারতো উনাই এমেরির শিষ্যরা। কিন্তু যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেমফিস ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
এই হারের পরও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পিএসজি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওঁ। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অলিম্পিক মার্শেই।
