চকরিয়া প্রতিনিধি:: চকরিয়া পৌরসভার বাসটার্মিনালে জমজম টেলিকম ও কুলিং কর্ণার নামের একটি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। রোববার ভোরে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বিকাশের টাকা ও নগদ টাকাসহ অন্তত ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত রোববার সকাল ১১টার দিকে দূর্ঘটনাস্থলে যান চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
দোকানের মালিক মো. জসীম উদ্দিন জানান, স্থানীয়রা রাত সাড়ে ৩টার দিকে তাকে ফোন দিয়ে আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর দেয়। সে এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে। পরে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, দোকানে পানিয় পণ্য ছাড়াও মোবাইলের যাবতীয় অপারেটরের ব্যালেন্স লোডিং মোবাইল, বিকাশ, নগদ টাকা ও ২টি রেফ্রিজারেটরসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়। তবে তিনি আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি। এতে তার অন্তত ৮লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
