চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব থেকে ২ কোটি ৪৪ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে সিডিএ আবাসিক এলাকার ৬টি সড়ক এবং এডিপি অর্থায়নে ৩ কোটি ৪১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন রোডের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
আজ ৫ ফেব্রুয়ারি (সোমবার) সকালে তিনি এ সকল নির্মাণ কাজ পায়ে হেঁটে দেখেন। ২০১৭-২০১৮ অর্থ বছরের আওতায় এ সকল উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দেন। পরে মেয়র মহেষখাল পরিদর্শন করেন।
এ সময় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
