চট্টগ্রাম :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে দারিদ্র বিমোচনের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৩৪ নং ওয়ার্ডের ২৫ জন নারীকে ২১ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
আজ ৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে নগর ভবন কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন হস্তান্তর করা হচ্ছে। প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দারিদ্র বিমোচন করাই এ কর্মসূচীর মূল লক্ষ্য।
মেয়র বলেন, এককভাবে অথবা যৌথভাবে সেলাই কার্যক্রম পরিচালনা করে নিজ পায়ে দাড়িয়ে সন্তানদের শিক্ষার আলোতে আলোকিত করে দারিদ্র চিরতরে দুর করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র বিমোচনে সকল কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নিত হচ্ছে। ২০২১ সনে মধ্য আয়ের দেশে পরিণত হবে।
তিনি আরো বলেন, ২০০৫ সনে এদেশে গরীবের সংখ্যা ছিল ৪২ শতাংশ, বর্তমানে দরিদ্রের সংখ্যা ২২ শতাংশের নিচে। ২০৩০ সনের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সকলকে তাঁর প্রতিবেশিদের দারিদ্র বিমোচনের জন্য প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা ছড়িয়ে দেয়ার আহবান জানান।
সনদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্তি উন্নয়ন ও দারিদ্র বিমোচন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর জহুরুল আলম জসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর এস এ এম মাহফুজুল হোসেন, চসিক স্থপতি এ কে এম রেজাউল করিম। জাইকার কর্মকর্তা মনোরঞ্জন ধর,সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা সন্ধিপ কুমার দাশ, বস্তি উন্নয়ণ কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
