নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, দেশে বর্তমানে ৭০ লক্ষ মাদকাসক্ত ব্যক্তি রয়েছে। এককভাবে এ সমস্যা সমাধান সম্ভব নয়। মাদকের করাল গ্রাস থেকে জাতিকে রক্ষা করতে হলে মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অতিরিক্ত পরিচালক আজ নিজ কার্যালয়ে মাদক নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শীর্ষক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাসব্যাপি এ অভিযান চলবে। অভিযানের অংশ হিসেবে ১ মার্চ রাত ৮.৫০ মিনিটে সকল টিভি চ্যানেল ও রেডিও একযোগে প্রচার করবে “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এ প্রচারের মাধ্যমে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু হবে।
এ মর্মে সকল টিভি চ্যানেল ও রেডিও আগে থেকে প্রমো প্রচার করবে। ডিএফপি উক্ত স্লোগানের সাথে প্রচারের জন্য ছোট্ট একটি টিভিসি তৈরী করে সকল এফ এম রেডিও, বিটিভি, ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য প্রেরণ করবে।
তিনি বলেন, তথ্য ও প্রচারাভিযানের মাধ্যমে মাদকের চাহিদা হ্রাস করে আগামি প্রজন্মকে মাদকমুক্ত বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া আমাদের সকলের নাগরিক দায়িত্ব। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
সে লক্ষ্যে গত ২৮ জানুয়ারি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এর সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদক নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, বিটিভি’র মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
