চট্টগ্রাম অফিস : নজরুল সাহিত্য চর্চার প্রচার ও প্রসার ঘটবে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠিত হলে । চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হবে নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত চট্টগ্রামে প্রথমবারের মতো ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ ২৫ মে বুধবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা জানান মন্ত্রী।
১৯২৬, ১৯২৯ ও ১৯৩২ সালে নজরুল চট্টগ্রাম এসেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানকার নদী, পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ তার লেখনিতে ফুটে উঠেছে। তাই তার স্মৃতিধন্য চট্টগ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নজরুলের লেখনি আজও প্রেরণার উৎস হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোন আন্দোলন সংগ্রামের সাথে আছেন নজরুল। মুক্তিযুদ্ধে নজরুলের লেখা গান-কবিতা উৎসাহিত করেছিেলন বাংলার মানুষকে ।
তিনি বলেন, আজন্ম সাম্যের মন্ত্রে উজ্জীবিত কবি মানবতার জয়গান গেয়েছেন। অসাম্প্রদায়িক চেতনার কবিকে খণ্ডিতভাবে উপস্থাপন ও চর্চার চেষ্টা হয়েছে। অশুভ শক্তি এখনও সক্রিয়। সেই চক্রান্তের অংশ হিসেবে মসজিদের ইমাম, যাজক, বুদ্ধিজীবী ও মুক্তবুদ্ধি চর্চার মানুষদের হত্যা করা হচ্ছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। অনুষ্ঠানে আসতে না পারলেও বাণী পাঠিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পক্ষে সেই বাণী পাঠ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী বেগম খিলখিল কাজী, কবি সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed.