বিনোদন ডেস্ক::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি স্মরণ করে বিগত দুই বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। সেই ধারাবাহিকতায় এবারও কনসার্টটি অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবে দেশের ৯টি জনপ্রিয় ব্যান্ড। সেগুলো হচ্ছে- ব্যান্ড স্পন্দন ৭২, ওয়ারফেইজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ আয়োজনটি হবে। এটির আয়োজক সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম।
পরিবেশনার শুরুতেই ব্যান্ডগুলো গাইবে স্বাধীন বাংলা বেতারের গান। এর মধ্যে স্পন্দন ৭২ ‘জয় বাংলা বাংলার জয়’, ক্রিপটিকফেট ‘মুক্তির একি পথ সংগ্রাম’, আর্বোভাইরাস ‘ওরে শোন রে তোরা শোন’, শূন্য ‘আজ রণ সাজে’, চিরকুট ‘নোঙর তোলো তোলো’, নেমেসিস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, লালন ‘রক্ত চাই’, শিরোনামহীন ‘জন্ম আমার ধন্য হলো’ ও ওয়ারফেইজ ‘বিজয় নিশান’ গানগুলো গাইবে। এছাড়া প্রত্যেকটি দলই তাদের পরিবেশনায় দেশাত্মবোধক ফিউশন রাখবে। এরপর তারা তাদের মৌলিক গানগুলো গাইবে।
আয়োজকরা জানান, এবার ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এ আয়োজন স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনেও এটি সরাসরি দেখা যাবে।
কনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এর মধ্যে একটি হলো ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। ২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হচ্ছে এ পুরস্কার। এবারও এ পুরস্কার তুলে দেয়া হবে। এছাড়া তরুণদের সচেতন করতে বেশ কিছু আয়োজন থাকছে এ কনসার্টে।
