মানবতাবিরোধী অপরাধীদের আত্মা পাকিস্তানের আত্মা একই : প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবিরোধী অপরাধে যাদের বিচার হচ্ছে তাদের আত্মা আর পাকিস্তানের আত্মা একই। তাই তারাতো কাঁদবেই।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরই আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে। কিন্তু জিয়াউর রহমান এসে ওই বিচার বন্ধ করে দেন। বন্দীদের ছেড়ে দেন। যুদ্ধাপরাধীদের মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও বানান।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সরকারে এসে রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়েছেন। যারা রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়েছেন তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা ভেবে দেখতে হবে। তাদের সঙ্গে জনগণ সম্পর্ক ছিন্ন করবে কিনা সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশকে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তাদের সঙ্গে মতভিন্নতা থাকতে পারে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে তারা কি বলল আর না বলল তাতে কিছু যায় আসে না।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে ঝগড়ার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও চলবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন ও কানাডার মন্ট্রিলে জিএফ সম্মেলন শেষে টানা ১৭ দিন পর শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.