চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ইসলামী ফ্রন্ট নেতা নিহত
সিটি নিউজ, চট্টগ্রামঃঃ চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ইসলামিক ফ্রন্ট নেতা আনিসুর রহমান মুসা (৪০) নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের খলিফা পাড়ার নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে মঙ্গলবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার রুবী গেট এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম (উত্তর) জেলা ইসলামিক ফ্রন্টের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মুসা। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ইসলামিক ফ্রন্টের নেতা মাস্টার মোহাম্মদ নুরু নবী জানিয়েছেন মঙ্গলবার ৬ মার্চ আবু মুছা মোটর বাইক নিয়ে ব্যবসায়ী কাজে শহরে গিয়েছিলেন। রাত আটটার দিকে বাড়ী ফেরার পথে নগরীর রুবি গেইট এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁন্দগাও থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিছ ৪ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। আনিছ এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। চাকুরির সুবাদে আনিছ পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকতেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে আনিছের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী, আত্মীয় ও পরিচিতজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, নিহত আনিছ রাউজান দক্ষিণ ইসলামিক ফ্রন্টের দপ্তর সম্পাদক ছিলেন।
আজ (বুধবার) রাউজানের কদলপুরে নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আনিসুর রহমান মুসার মৃত্যুতে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইরসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
