বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত’র ঘটনায় সংঘর্ষে আহত-১০

0

বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বোয়ালখালীতে হাজারীরচর বড়ুয়া  পাড়ায় বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।

রবিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব কালুরঘাট আরাকান সড়কের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, উপজেলার হাজারীর চর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও রয়েছে। একাধিবার মারামারির ঘটনাও ঘটেছে।

রবিবার সকাল ৮টায় উভয় পক্ষের বিরোধ নিরসনে বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ বিহারে উপস্থিত থাকার জন্য বলেছিল। এতে বিহার অধ্যক্ষ সংঘপাল ভিক্ষুকে একপক্ষ পূর্বে জোর করে বিহার থেকে বের করে দিয়েছিল। তাকেও এদিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ। তবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ উভয় পক্ষকে উপস্থিত থাকার কথা বললেও তারা বিহারের আসেননি।

সে অনুয়ায়ী সংঘপাল ভিক্ষু অটো-রিকশা করে নগরী থেকে রবিবার সকালে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে যাওয়া পথে পুর্ব কালুরঘাট বাদামতল এলাকায় তাকে ধাওয়া দেয়। এ খবর এলাকায় পৌঁছালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘপাল ভিক্ষু জানান, ভিক্ষু মহাসভার নির্দেশে বিহারে যাওয়ার পথে বড়ুয়া পাড়ার প্রবেশ পথে স্থানীয় সবুজ বড়ুয়া ও সত্য বড়ুয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫জন লোক কিরিচ, লাঠিসোঠা নিয়ে গাড়ির পথরোধ করে। এরপর এখানে কেন এসেছি বলে কাপড় ধরে নিয়ে টানা হেঁচড়া শুরু করে। কোনো রকমে তাদের হাত থেকে ছুটে দৌঁড়ে পূর্ব কালুরঘাট পালিয়ে আসি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, বিহারের এক বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের’র মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.