বেকারত্ব নিরসনে কর্মসংস্থান ও বিনিয়োগ প্রয়োজন : হোসেন জিল্লুর রহমান
গোলাম সরওয়ার,সিটি নিউজ : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান বলেছেন, বেকারত্ব নিরসনে কর্মসংস্থানের প্রয়োজন এবং কর্মসংস্থানের জন্য বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কারিগরি শিক্ষার গুরত্ব অনেক। সর্বোপরি কারিগরি শিক্ষা ছাড়া অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা অসম্ভব।
শুক্রবার ১১ মে বিকাল ৪ টায় চন্দনাইশ উপজেলার নিজ গ্রাম বরকল আমরা হাসপাতালের পাশে সভাকক্ষে বেকার সমস্যা নিরসনে স্কীল (কারিগরি) শিক্ষা প্রয়োজনীয়তার উপর স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’(পিপিআরসি) -এর নির্বাহী সভাপতি ড.হোসেন জিল্লুর রহমান আরও বলেন, বিশ্বের উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হলে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। তাই কারিগরি শিক্ষার মানোন্নয়নে সামগ্রিভাবেই সবাইকে কাজ করতে হবে এবং বাস্তব প্রয়োজনীয়তা বিবেচনায় এর বর্তমান অবস্থা পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

ড.হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম,ফেরদৌসুল আলম খান,জসীম উদ্দিন চৌধুরী,দিদারুর রশীদ, মাহামুদুল হক,আবু তাহের, আবুল হাশেম, আরফাতুর রহমান রাশেদ, টিপু চোধুরী, গোলাম সরওয়ার,মোহাম্মদ আবুল মুবিন,মোহাম্মদ সাইফুদ্দিনসহ প্রমুখ। সভায় এলাকার আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
