নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চীন থেকে ২০ ফুট কনটেইনারে ১৯ হাজার ৬৫৬ কেজি ‘ডাবল এ ফোর’ কাগজের বদলে চট্টগ্রাম বন্দরে এসেছে বালু-মাটি। এ ঘটনায় বিদেশে অর্থ পাচারের সন্দেহ কাস্টম কর্মকর্তাদের।
আজ শনিবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া একটায় বন্দরের নিউমুরিং কনটেইনার (এনসিটি) টার্মিনালে কনটেইনারটি (এইচএলএক্সইউ ১৩৬৭৩৫৩) খুলে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
ঢাকার বনানীর প্রগ্রেস ইমপেক্স লিমিটেড নামের আমদানিকারকের নামে চালানটি বন্দরে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ৯৩৬ শেখ মুজিব রোডের সাজ ট্রেড ইন্টারন্যাশনাল।
চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, ঘোষণা ছিল কাগজের। এসেছে বালু-মাটি। এসব বালু-মাটির নমুনা পরীক্ষা করা হবে। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, চীনের তিয়েনজিংগ্যাং বন্দর থেকে ‘হ্যাপি বী’ জাহাজে ২৬ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। চালানটির শুল্কায়ন ভ্যালু ছিল ১২ লাখ ৯৩ হাজার ৪১০ টাকা। এর ভিত্তিতে শুল্ক বাবদ ৭ লাখ ৮৮ হাজার ৩৭২ টাকা পরিশোধ করা হয় কাস্টম হাউসের অনুকূলে।
