বদলে গেছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা

0

আনোয়ারা প্রতিনিধি,সিটি নিউজ : ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দেশে তিনশ উপজেলা ও সাড়ে তিন হাজার ইউনিয়ন ভূমি কার্যালয় ডিজিটালের আওতায় এসেছে। পর্যায়ক্রমে দেশের সকল ভূমি কার্যালয়কে ডিজিটালাইজড করা হবে। শেখ হাসিনা সরকারের নানা উদ্যোগে বদলে গেছে দেশের ভূমি ব্যবস্থাপনা। তিনি গত শুক্রবার বিকেলে আনোয়ারায় ব্র্যাক ভূমিসেবা ও পরামর্শ কেন্দ্র ‘ভূমিবন্ধু’ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সমন্বয়কারী রেজা মাহমুদ আল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ,আনোয়ারা উপজেলা আ‘লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম।
এতে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু।

স্বাগত বক্তৃতায় ভূমিবন্ধুর পরামর্শক ও সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম এ মান্নান বলেন,বাংলাদেশে প্রতি ৭ জন মানুষের মধ্যে একজন সম্পত্তি নিয়ে ভোগান্তির শিকার হয়। ভূমিসেবার অব্যবস্থপনা,মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য,দুর্নীতি ও জনগণের অসহায়ত্ব বিবেচনায় নিয়ে জনগণকে ভূমি জটিলতা নিরসনে সঠিক পরামর্শ ও সহায়তার লক্ষ্যে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ২০১৭ সালে দেশের চারটি স্থানে পরীক্ষামূলকভাবে ‘ভূমিবন্ধু’ চালু করে।

সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের আনোয়ারা,নাটোরের সিংড়া,রংপুরের মিঠাপুকুর,কিশোরগঞ্জের পাকুন্দিয়া,বরিশালের বাকেরগঞ্জ এবং পঞ্চগড় সদর উপজেলায় ব্র্যাক ভূমিসেবা ও পরামর্শ কেন্দ্র ‘ভূমিবন্ধু’পরিচালনার উদ্যোগ নিয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী বলেন,ভূমিসেবা প্রাপ্তিতে জনগণের হয়রানি ও অসহায়ত্ব সর্বজনবিদিত। সহজলভ্য ভূমিসেবা প্রাপ্তিতে ব্র্যাকের সামাজিক উদ্যোগ ‘ভূমিবন্ধু’ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি বিষয়ক সরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ‘ভূমিবন্ধু’ যদি একটি ভূমিসেবা মডেল প্রস্তুত করতে পারে তা হবে অনুকরণীয় দৃষ্টান্ত। এতে করে ভূমিসেবা পেতে জনগণের দীর্ঘদিনের অসহায়ত্ব বহুলাংশে দুর হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.