শ্রীলংকায় বোমা হামলাঃ বনানীর ৯ নম্বর বাড়িতে চলছে শোকের মাতম
সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীর শ্রীলঙ্কায় বোমা হামলায় মৃত্যুতে শোকের মাতম চলছে বনানীর ২/এ সড়কের ৯ নম্বর বাড়িতে। নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ওই বাড়িতেই থাকতো শিশু জায়ান।
সারাক্ষণ ক্রিকেট খেলে মাতিয়ে রাখতো জায়ান। ক্রিকেটপ্রেমী জায়ান আর এ বাড়িতে ফিরে আসবে না, খেলা করবে না, এটা কেউ মেনে নিতে পারছে না। কী নানা-নানী, কী মামা-মামি, বাবা-মা এমনকি বাড়ির দারোয়ান কেয়ার টেকারদেরও প্রিয় ছিল জায়ান। তার ক্রিকেট খেলায় সবার সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। সবাই তার ভালো দর্শক ছিলো।
আজ এ বাড়িটি শোকে মুহ্যমান। কারণ সবাই জেনে গেছে বাড়িটি মাতিয়ে রাখা জায়ান চলে গেছে না ফেরার দেশে। আগামীকাল মঙ্গলবার আসবে তার মরদেহ।
রবিবার রাতে তার মারা যাওয়ার খবরে সোমবার সকাল থেকে বনানীর ২/এ সড়কের ৯ নম্বর বাড়িতে স্বজন, দলীয় নেতাকর্মী ও সরকারের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা সমবেদনা জানাতে আসেন।
দুপুরে জায়ানের দাদা এম এইচ চৌধুরী পারুল এসে বেয়াই শেখ সেলিমকে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সবাই তাকে সান্ত্বনা দেন।
এদিকে, জায়ানের নানী তার ছোট ছেলে শেখ ফজলে নাইমকে নিয়ে রবিবার রাতেই শ্রীলঙ্কা চলে যান। আর প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা জায়ানের বড় মামা শেখ ফজলে ফাহিম ব্রুনাই থেকে শ্রীলঙ্কা গেছেন।
পরিবার জানিয়েছে, জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ১৫ দিনেও মুভ করানো সম্ভব না। জানা গেছে তার দুটি পাই ডেমেজ হয়ে গেছে।
বনানীর বাসায় অবস্থান করছেন জায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিম। সকাল থেকে তাকে সান্ত্বনা দিতে এসেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এটর্নি জেনারেল মাহবুবে আলম, হুইপ ইকবালুর রহীম, জ্বালানী উপদেষ্টা তৌফিক ই এলাহী, বেয়াই মুসা বিন শমসের, সাবেক মন্ত্রী ফারুক খান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শেখ তন্ময় এমপি ও বিএসএমএমইউর ভিসি কনক কান্তি বড়ুয়া।
এদিকে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আগামী বুধবার দুপুরে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, আগামীকাল মঙ্গলবার জায়ানের মরদেহ আসার কথা থাকলেও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বুধবারই পৌঁছাবে।
ওইদিন বাদ আসর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে শায়িত করা হবে জায়ানকে। এদিকে দিনব্যাপী কুরআন খতম চলছে বাড়ির ভেতর।
